লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ (৬) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদ একই এলাকার কাচারিবাগের মুদি ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে এবং স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল থেকে ফিরে হামিদ ও অপর এক শিশু টিউব নিয়ে পুকুরে গোসল ও সাঁতার কাটতে যায়।
প্রতিদিনের মতো তারা বাড়ির পাশের ওই পুকুরে টিউবে ভেসে গোসল ও সাঁতার শিখছিল। একপর্যায়ে গোসল শেষে হামিদের সঙ্গে থাকা শিশুটি পুকুর থেকে উঠে এলেও হামিদ আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে একসময় পুকুরের পানিতে হামিদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। তাকে দ্রুত উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি খুবই শান্ত ও ভদ্র ছিল। স্কুল থেকে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।



















