রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা আগের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ। এর আগে মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১১ মিনিটে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।























