রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধরনের উপহার, অর্থ বা ব্যক্তিগত সুবিধা প্রদানের প্রস্তাব না করতে সেবাগ্রহীতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়। এতে বলা হয়েছে, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে তাদের কাউকে কোনো ধরনের উপহার, উপঢৌকন, অর্থ কিংবা অন্য কোনো সুবিধা দেওয়ার প্রস্তাব না করার জন্য সেবাগ্রহীতাদের প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ৫ নম্বর বিধিতে সরকারি কর্মচারীদের উপহার গ্রহণের বিষয়ে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। তাই এ ধরনের উপহার দেওয়া বা দেওয়ার প্রস্তাব সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। পাশাপাশি তাদের পেশাগত নিরপেক্ষতা নিয়েও অনাকাঙ্ক্ষিত প্রশ্ন তৈরি হতে পারে।
দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উপহার দেওয়ার পরিবর্তে কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার প্রতি সম্মান প্রদর্শন করাই প্রকৃত সৌজন্য। দূতাবাসের প্রতিটি সেবার বিপরীতে বিধি অনুযায়ী নির্ধারিত ফি নেওয়া হয় এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, কোনো ধরনের উপহার বা ব্যক্তিগত সৌজন্য দূতাবাসের সিদ্ধান্ত, সেবার মান কিংবা সেবা প্রদানের অগ্রাধিকারে কোনো প্রভাব ফেলে না।
এ বিষয়ে সেবাগ্রহীতাদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট, রোমানিয়া।





















