জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এর মধ্যে রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
পাশাপাশি রাজশাহীর কিছু এলাকাতেও কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো—বালাপাড়া কবরস্থান, বন বিভাগ মোড়, বিএনসিসি মোড়, দর্শনা, সূত্রপুর, বালাপাড়া বাবুখা রোড, বিনোদপুর, শিশু পরিবার, আরকে রোড ও টার্মিনাল এলাকা।
নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। অন্যদিকে, রাজশাহীতে নেসকোর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের অধীনেও বুধবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি নওহাটা ফিডারের আওতাভুক্ত এলাকায় সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এ সময় বিদ্যুৎহীন থাকবে দুয়ারীগ্রাম, পশ্চিম বাঘহাটা, কলেজ মোড়, পুঠিয়াপাড়া, নওহাটা বাজার, সাহাপাড়া ও এর আশপাশের এলাকা। নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





















