প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএসের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির টেমোতু প্রদেশের রাজধানী লাতার ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। সোমবার ০৩টা ৩৫ মিনিটে (জিএমটি) ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটির তথ্যমতে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর ভৌগোলিক অবস্থান ছিল দক্ষিণ অক্ষাংশের ১০ দশমিক ৯০ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ১৬৫ দশমিক ৬২ ডিগ্রি। তবে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো প্রাণহানি, হতাহতের ঘটনা কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।





















