রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) নিসার আলী তিতুমীর জানান, খবর পেয়ে গতকাল রাত পৌনে ১১টার দিকে উত্তরখানের হেলাল মার্কেট-মেরাদিয়া রোড সংলগ্ন সোনালী পাবনা নামের একটি ১০ তলা ভবনের ৯/এফ নম্বর ফ্ল্যাট থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের প্রাথমিক ধারণা, সানজিদার স্বামী আমিনুর রহমান গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় উত্তরখান থানায় হত্যা মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে।
নিহতের চাচা মো. সাইফুল ইসলাম জানান, প্রায় ১১ মাস আগে আমিনুর রহমানের সঙ্গে সানজিদার বিয়ে হয়। তারা দুজনই পড়াশোনা করতেন। উচ্চশিক্ষার জন্য তাদের বিদেশে যাওয়ার পরিকল্পনাও ছিল। সানজিদা পাবনার এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন। পরে ভালো ভবিষ্যতের আশায় প্রায় সাত-আট মাস আগে তারা ঢাকায় আসেন। এরপর সানজিদা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
তিনি আরও জানান, সানজিদার গ্রামের বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে। তিনি ওই গ্রামের এবিএম শফিকুল ইসলামের মেয়ে। বর্তমানে স্বামী-স্ত্রী উত্তরখানের হেলাল মার্কেট-মেরাদিয়া রোড সংলগ্ন সোনালী পাবনা নামের ১০ তলা ভবনের ৯/এফ নম্বর ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তারা তিন বোন। সানজিদা ছিলেন তাদের মধ্যে সবার ছোট।





















