শেরপুর সদর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ তাণ্ডব চালায় একদল পাগলা কুকুর।
স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে পাগলা কুকুরের দলটি তিনটি ইউনিয়নের একাধিক গ্রামে পথচারী ও বাসিন্দাদের ওপর হামলা চালায়। এতে শিশু ও নারীসহ অন্তত ৮০ জন কামড়ে আহত হন। আহতদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০) ও আইজউদ্দিনের (৭০) নাম জানা গেছে। শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ জানান, আহত রোগীদের দ্রুত জলাতঙ্কের ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের সরবরাহ রয়েছে এবং চিকিৎসাধীন সবাই আশঙ্কামুক্ত।






















