৩৩ কেজি ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আর্থিক পুরস্কার পেয়েছেন নাটোরের নলডাঙ্গা থানার ওসি মো. মনোয়ার জাহান। সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএমের পক্ষ থেকে তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।
এ স্বীকৃতিকে নিজের পেশাগত জীবনের অন্যতম স্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেছেন ওসি মো. মনোয়ার জাহান। তিনি জানান, এ ধরনের পুরস্কার ও স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। পুরস্কার প্রদানের জন্য রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং নাটোর জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন তিনি। ওসি মো. মনোয়ার জাহান আরও বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে তিনি সর্বদা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। মাদকবিরোধী অভিযানে এ ধরনের স্বীকৃতি আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে পুলিশের সদস্যদের আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা তার।





















