কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মেধাবী দুই বোন মালিহা ও নাবিলার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে বাউসাইদ প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই বোনের দ্বিতীয় জানাজার নামাজ সম্পন্ন হয়।
পরে সামাজিক কবরস্থানে তাদেরকে পাশাপাশি দাফন করা হয়। দুই বোনের মৃত্যুতে গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। নিহত মালিহা ও নাবিলা উপজেলার মামুদনগর ইউনিয়নের বাউসাইদ গ্রামের বাসিন্দা, সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি হুমায়ুন কবিরের মেজো ভাই মামুনুর রশীদ মামুনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়ার ইনানীর রেস্টুরেন্ট ও রিসোর্ট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওই ঘটনায় একই পরিবারের ছয়জনসহ একাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়। অগ্নিকাণ্ডে দুই বোনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। পরিবারের আদরের দুই সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। তাঁদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
মালিহা ও নাবিলার এমন মর্মান্তিক মৃত্যুতে বাউসাইদ গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী।





















