নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের ছেলে মো. নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল সোমবার গভীর রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেয় তাকে। এসব তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন, শাকিল নিহত হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুরুজ্জামানকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত শাকিল গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
তিনি উপজেলার কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে। স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত সোয়া ৮টার দিকে ঢাকার পিজি হাসপাতালে শাকিলের মৃত্যু হয়। এর আগে সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। নূর একাডেমির সামনে পৌঁছালে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন হেলমেট পরা দুই যুবক।
শাকিল গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় মোটরসাইকেল নিয়ে ধাওয়া দেয় দুর্বৃত্তরা। এ সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে তাকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায় তারা। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত শাকিলকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখান শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।






















