সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে শনিবার সকাল ১১টার দিকে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। ধর্মপাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তবৃন্দের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা-মধ্যনগর উপজেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিব, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক,এস এম রহমত, নূরুল ইসলাম, জুলফিকার আলী ভূট্রো, আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির , উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, ধর্মপাশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার,পাইকুরাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল চন্দ্র সরকার প্রমুখ।






















