মক্কা-মদিনার নিরাপত্তা ইস্যুতে কোনো দ্বিমত নেই, আক্রান্ত হলেই সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে তা দিতে ঢাকা প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আজ শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদির সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিনিয়োগ। বাংলাদেশ বিনিয়োগের জন্য স্বচ্ছ ও সুশাসন নিশ্চিত করেছে। দেশটির সঙ্গে সম্পর্কে দ্বিতীয় অগ্রাধিকার শ্রম বাজার। সেখানে দক্ষ শ্রমিক পাঠাতে আগ্রহী বাংলাদেশ।
প্রতিমন্ত্রী বলেন, শান্তিরক্ষায় ভূমিকা রাখতে পারলেই মক্কায় প্যাক্টে যুক্ত হবার বিষয়টি বিবেচনা করা হবে।
এছাড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার সফরে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে।






















