সিলেটের জকিগঞ্জে পৃথক দুটি অভিযানে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার মধ্যে এক অভিযানে ৭ হাজার এবং অপর অভিযানে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সিলেট জেলা পুলিশ জানায়, অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জকিগঞ্জ থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ পূর্ব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
কালীগঞ্জ-জকিগঞ্জ সড়কে আফছার আহমদ রাজুর বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. হাসান মাহমুদ ওরফে আবুল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাক ইউনিয়নের জুলাই মাঝরচটি গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। এর আগে একই দিন দুপুর ১২টা ২০ মিনিটের দিকে জকিগঞ্জ থানার অপর একটি দল উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়।
এ সময় ৬০০ পিস ইয়াবা ও একটি পালসার মোটরসাইকেলসহ মো. ছমির আহমদ প্রকাশ স্বপন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া, চান্দশ্রীকোনা গ্রামের মৃত ইব্রাহিম আলী ওরফে ইবই মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার ঘটনায় জকিগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২৬ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।























