মাঠপর্যায়ে ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে উপজেলা/রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন/পৌর ভূমি অফিস পরিদর্শনের বিদ্যমান ছক (ফরম্যাট) পরিমার্জনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে পরিদর্শন পদ্ধতিকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ, বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তা এবং মাঠপর্যায়ের ভূমি কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় বর্তমানে ব্যবহৃত উপজেলা/রাজস্ব সার্কেল ও ইউনিয়ন/পৌর ভূমি অফিস পরিদর্শনের দুটি ছক উপস্থাপন করে টিআইবির পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ দেওয়া হয়। পরিদর্শনে কোন বিষয়গুলো আরও সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন এবং কীভাবে মাঠপর্যায়ের সেবার বাস্তব চিত্র তুলে আনা যায়, তা নিয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন।
আলোচনায় ভূমি সেবায় হয়রানি কমানো, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা জোরদার এবং পরিদর্শনের মাধ্যমে অনিয়ম ও দুর্বলতা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালার মতামতের ভিত্তিতে বিদ্যমান পরিদর্শন ছক দুটি প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধন ও আধুনিকায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত পরিদর্শনের পাশাপাশি ফলাফলের যথাযথ মূল্যায়ন ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা গেলে মাঠপর্যায়ে ভূমি সেবার গুণগত মান আরও উন্নত হবে এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।


















