ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ৫৪ কোটি ৪০ লাখ টাকা পাওনা সংক্রান্ত অর্থঋণ মামলায় আল আমিন ব্রেড অ্যান্ড বিস্কুটস লিমিটেডের দুই পরিচালকের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের লক্ষ্যে শুক্রবার সকালে গুলশানের বাসভবনে তল্লাশি চালানো হলেও তাদের পাওয়া যায়নি।
পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানার আওতায় অভিযুক্তরা হলেন প্রতিষ্ঠানের পরিচালক আবদুর রহমান হাসান মির্জা এবং ব্যবস্থাপনা পরিচালক শিবলী মির্জা। ধানমন্ডি ও গুলশান থানা পুলিশের একটি দল সকালে গুলশানের বাসায় গিয়ে দীর্ঘ সময় তল্লাশি চালায়। তবে অভিযুক্ত দুই পরিচালক বাসায় অনুপস্থিত থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অর্থঋণ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বর্তমান অবস্থান শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইউসিবি পিএলসির ৫৪ কোটি ৪০ লাখ টাকা পাওনা আদায়ের লক্ষ্যে চলমান অর্থঋণ মামলার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে।






















