বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬২ জন। তাদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ভিয়াচা পৌরসভার একটি সামরিক ঘাঁটিতে এই ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ওই ঘাঁটিতে বিস্ফোরক মজুত করে রাখার স্থানে প্রথম বিস্ফোরণটি ঘটে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণের সূত্রপাত হয়েছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি অনুসন্ধানী টিম। ভিয়াচার স্বাস্থ্য পরিচালক রিতা নেব্রাস্কা সাংবাদিকদের জানিয়েছেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় ১০ থেকে ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং অন্তত ৬২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় লা পাজের উন্নত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বহু বাড়ির জানালার কাঁচ ভেঙে গুঁড়িয়ে গেছে। কয়েক ডজন ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার তৎপরতা ও আহতদের দ্রুত চিকিৎসা দিতে সামরিক কমপ্লেক্সটিতে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। আশপাশের বাসিন্দাদের এলাকা থেকে অন্তত ১৫০ মিটার নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।















