রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দোকান ভাঙচুর লুটপাট ও নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে (৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামে।
এ ঘটনায় মালশিরা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী হিরা বিবি বাদী হয়ে একই গ্রামের রাম বিলাশের পুত্র রাম চরণ চৌধুরীসহ ১১ জনের নাম উল্লেখ ও ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে তানোর থানায় এজাহার দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে রামচরণ তার লোকজন ও ভাড়াটিয়া বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফিল্মি স্টাইলে দোকান ভাঙচুর ও লুটপাট করেন।
এ সময় বাধা দিতে গেলে মজিদা বেওয়া নামের এক নারীর শ্লীলতাহানি ও তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারদর করে গুরুতর জখম করেছে। মজিদা বিবির দাবি, তার দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনতাই এবং দোকান ভাঙচুর, পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ছাড়াও নগদ ২ লাখ টাকা ছিনতাই ও দোকান ভাঙচুর করায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি করেছে রামচরণ বাহিনী।
গুরুতর জখম মজিদা বিবি তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। মজিদার হাতের দুটি আঙুল ভেঙে গেছে ও হাঁটুর খুলি ফেটে গেছে। এদিকে আসামীরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে, না হলে তাদের হত্যা করা হবে। তাদের প্রকাশ্যে নানামুখী হুমকি, ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মজিদা বিবির পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
এ বিষয়ে তানোর থানার ওসি মাহমুদুল হাসানের সঙ্গে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে থানার একজন অফিসারকে প্রাথমিক তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
















