পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। তবে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কি না সঠিক সময়ে বিষয়টি বিবেচনা করা হবে।
সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের পর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত সরকার কিংবা বিমসটেকের পক্ষ থেকে আমন্ত্রণপত্র রয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার গঠনের দিনই একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কি না, সে বিষয়ে এখনো সরকার কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি। সঠিক সময়ে বিষয়টি বিবেচনা করা হবে। ’ সকালে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ড. খলিলুর রহমান। তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতকে তাগিদ দেওয়া হয়েছে। আমরা আশা করছি, ভারত এ বিষয়ে ইতিবাচক ও দায়িত্বশীল সাড়া দেবে।



















