সিলেটের ঐতিহ্যবাহী দৈনিক জালালাবাদ কোনো রাজনৈতিক দলের নয়, বরং জনগণের মুখপাত্র হিসেবে বস্তুনিষ্ঠ ও নীতিনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (১ আগস্ট) সিলেটের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে দৈনিক জালালাবাদ পত্রিকার ৩৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ। একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজকে সচেতন রাখে এবং মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনে। তিনি বলেন, মিডিয়াকে সমাজের আয়না বলা হয়। একজন প্রকৃত সাংবাদিক কোনো তথ্য বিকৃত না করে মানুষের সামনে সত্য তুলে ধরেন। এ কারণেই সাংবাদিকদের সমাজের বিবেক বলা হয়। তিনি আরও বলেন, জালালাবাদ পরিবারের একজন সদস্য হিসেবে আমার অনুরোধ থাকবে—জালালাবাদ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হবে না, জনগণের মুখপাত্র হবে। ক্ষমতায় কে আসবে, তা আল্লাহ তাআলার ফয়সালা। কিন্তু একটি গণমাধ্যমকে অবশ্যই নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। নীতিগত অবস্থান ধরে রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের রোষানলে পড়তে হলেও কিংবা পত্রিকা পরিচালনায় সংকট সৃষ্টি হলেও নীতির প্রশ্নে আপস করা উচিত নয়। পৃষ্ঠাসংখ্যা ছোট হতে পারে, কিন্তু সংবাদ অবশ্যই বস্তুনিষ্ঠ ও জনমুখী হতে হবে। বিরোধীদলীয় নেতা বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে যদি কোনো সংবাদ আমার বিরুদ্ধে যায় কিংবা আমার দলের বিরুদ্ধেও যায়, তবুও জালালাবাদ যেন সত্য প্রকাশে পিছপা না হয়। একটি গণমাধ্যম যখন নির্ভয়ে সত্য তুলে ধরে, তখন মানুষের আস্থা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। বর্তমান সমাজে আস্থার সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আজ আমাদের সমাজের অন্যতম বড় সংকট হলো পারস্পরিক বিশ্বাসের অভাব। আমি প্রত্যাশা করি, দৈনিক জালালাবাদ তার নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এই আস্থার সংকট কাটিয়ে উঠতে ভূমিকা রাখবে। বক্তব্যের শেষে তিনি দৈনিক জালালাবাদ পরিবারের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের গণমাধ্যমের সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার ধারা আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সুধী সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, দৈনিক জালালাবাদের সম্পাদক ও প্রতিষ্ঠাতা মুকতাবিস উন নূর, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ফিলিপাইন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওয়াদুদ টিপুসহ সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকরা।
6:47 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
‘দৈনিক জালালাবাদ কোনো দলের নয়, জনগণের মুখপাত্র হিসেবে নীতির প্রশ্নে আপসহীন থাকুক’
-
MIT ERP
- Update Time : 04:30:36 pm, Saturday, 1 August 2026
- 6
Tag :
Popular Post



















