২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মোড় ছিল ৩১ জুলাই। ওই দিন স্থবির হয়ে পড়া আন্দোলন নতুন করে রাজপথে গতি পায়। এর পেছনে রাজনৈতিক পরিকল্পনা, বিভিন্ন দলের সমন্বয় এবং সাংগঠনিক প্রস্তুতিতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে দাবি করেছেন বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি রূপালী বাংলাদেশকে এসব কথা বলেন। রাশেদ খান জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি ও সালাহউদ্দিন আহমেদ ২০২৪ সালের আন্দোলনকে নতুন গতি দেওয়ার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ৩১ জুলাই আন্দোলন পুনরায় রাজপথে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়। ১৯ জুলাইয়ের রক্তক্ষয়ী ঘটনার পর আন্দোলন কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক, হাইকোর্টের বিএনপিপন্থী আইনজীবী, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের অংশগ্রহণে আন্দোলন নতুন করে সংগঠিত হয়। তিনি দাবি করেন, এটি ছিল পূর্বপরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ। রাশেদ খান বলেন, তৎকালীন বিরোধী দল বিএনপির পক্ষ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব সালাহউদ্দিন আহমেদের ওপর অর্পণ করেন। সেই দায়িত্বের আওতায় বিএনপি, ছাত্রদল, যুবদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামসহ সরকারবিরোধী বিভিন্ন শক্তির মধ্যে সমন্বয় করা হয়। এ প্রক্রিয়ায় তিনিও সরাসরি যুক্ত ছিলেন। আন্দোলনে সক্রিয় থাকায় তাকে গ্রেপ্তারের একাধিক চেষ্টা করা হয় এবং দুইবার তার বাসায় অভিযান চালানো হয় বলেও জানান তিনি। শেখ হাসিনার পতন প্রসঙ্গে রাশেদ খান বলেন, ১৯ জুলাইয়ের পর ব্যাপক প্রাণহানির ঘটনায় রাজনৈতিক বাস্তবতা বদলে যায় এবং তখনই সরকারের পতন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। তার দাবি, রাষ্ট্রীয় দমন-পীড়ন ও রাজনৈতিক সিদ্ধান্তই শেষ পর্যন্ত শেখ হাসিনার পতনের কারণ হয়। ছাত্রনেতাদের ভূমিকা মূল্যায়নে তিনি বলেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সাহসিকতার সঙ্গে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং তাদের অবদান স্বীকৃতি পাওয়ার যোগ্য। তবে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, আন্দোলনের সংকটময় সময়ে তারা প্রত্যাশিত অবস্থান নেননি। রাশেদ খান বলেন, জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস এখনও পুরোপুরি জাতির সামনে আসেনি। ইতিহাসের স্বার্থে আন্দোলনের নেপথ্যের রাজনৈতিক পরিকল্পনা, সমন্বয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত ভূমিকা নিরপেক্ষভাবে তুলে ধরা প্রয়োজন।
10:58 pm, Friday, 31 July 2026
শিরোনাম :
সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক সমন্বয়ে পুনরুজ্জীবিত হয় জুলাই আন্দোলন: রাশেদ খান
-
MIT ERP
- Update Time : 08:55:52 pm, Friday, 31 July 2026
- 4
Tag :
Popular Post
























