নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজস্ব জমিতে নির্মাণকাজে বাধা, প্রাণনাশের হুমকি এবং অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাচ্চু মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আব্দুল হাই (৬০), তার দুই ছেলে সেলিম (৩৫) ও জনি (২৫)-সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে। ঘটনাটি সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্বর এলাকায় ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া ২০১৩ সালে ক্রয়সূত্রে সি.এস. ও এস.এ. ১৪০৬ এবং আর.এস. ৫৮২ নম্বর দাগভুক্ত ৩ শতাংশ জমির মালিকানা অর্জন করেন। এরপর থেকে তিনি নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে জমিটি ভোগদখলে রেখে আসছেন। লিখিত অভিযোগে বলা হয়, গত ৩ মে ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ জমিতে বালু ভরাটের কাজ চলাকালে আব্দুল হাই, তার দুই ছেলে এবং অজ্ঞাতনামা কয়েকজন সেখানে এসে নির্মাণকাজে বাধা দেন। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভবিষ্যতে ওই জমিতে কোনো ধরনের নির্মাণকাজ করা হলে প্রাণে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী বাচ্চু মিয়া জানান, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। তিনি আরও বলেন, তদন্তকারী কর্মকর্তা দুই দফায় উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় উপস্থিত হওয়ার জন্য তারিখ নির্ধারণ করলেও অভিযোগের বিবাদীরা উপস্থিত হননি। বাচ্চু মিয়া বলেন, আমি আবারও আমার জমিতে নির্মাণকাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি। তবে বিবাদীপক্ষ পুনরায় সংঘবদ্ধভাবে বাধা দিতে পারে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এ কারণে নির্মাণকাজ চলাকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, অভিযোগের বিষয়ে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। তবে বিবাদী আব্দুল হাই ও তার পক্ষ এখনো থানায় উপস্থিত হননি। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল হাইয়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
7:17 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
-
MIT ERP
- Update Time : 02:16:36 am, Friday, 31 July 2026
- 7
Tag :
Popular Post












