সিরাজগঞ্জের তাড়াশে শ্যামা কালীপূজা উপলক্ষে পাঠার মাংসের বাজার জমে উঠেছে। পূজাকে কেন্দ্র করে তাড়াশ পৌর বাজার এলাকায় ৮ থেকে ১০টি অস্থায়ী মাংসের দোকান বসানো হয়েছে। এসব দোকানে পাঠার মাংস কিনতে ভিড় করছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ।
পাশাপাশি শখের বশে অনেক মুসলমানকেও মাংস কিনতে দেখা গেছে। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রথাগত রীতি অনুযায়ী পাঠাবলির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কালীপূজা। এ উপলক্ষে বাজারের অস্থায়ী দোকানগুলোতে শুধু পাঠার মাংস বিক্রি হচ্ছে। তবে এসব দোকানের সবাই পেশাদার মাংস বিক্রেতা নন। কেউ কেউ বিভিন্ন উৎসব উপলক্ষে অস্থায়ীভাবে মাংস বিক্রি করেন।
পৌর এলাকার মাংস বিক্রেতা আপেল মাহমুদ বলেন, কালীপূজা উপলক্ষে এবার বাজারে প্রায় ১০টি দোকান বসেছে। এসব দোকানে শতাধিক পাঠার মাংস বিক্রি হবে বলে তাঁর প্রত্যাশা। সাধারণত খাসির মাংসের চাহিদা বেশি থাকলেও পাশাপাশি ভেড়ার মাংসও বিক্রি হচ্ছে। পাঠার মাংস কিনতে আসা পৌর সদরের বাসিন্দা সুকুমার বলেন, প্রতি বছর কালীপূজা উপলক্ষে বাজার এলাকায় এভাবে পাঠার মাংস বিক্রি হয়।
অন্য বছরের মতো এবারও তিনি মাংস কিনতে এসেছেন। তবে গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি। প্রতি কেজি মাংস কিনতে হচ্ছে ১ হাজার টাকা দরে। দাম বাড়ার কারণ জানতে চাইলে বিক্রেতা মফিজ বলেন, গত বছরের তুলনায় এবার বাজারে পাঠার দাম বেশি। এ কারণে মাংসের দামও কিছুটা বাড়াতে হয়েছে। তারপরও ক্রেতাদের চাহিদা ভালো। বর্তমানে প্রতি কেজি পাঠার মাংস ৯০০ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ সান্যাল বলেন, কালীপূজা অত্যন্ত প্রাচীন একটি পূজা। বিশ্বাস অনুযায়ী, সত্যযুগ বা সৃষ্টির প্রারম্ভ থেকেই এ পূজার প্রচলন রয়েছে। তাড়াশের একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কালীপূজা উদযাপিত হচ্ছে। তবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র তাড়াশ মহাশ্মশানে প্রতিবছর এ পূজা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
পূজায় পাঠার মাংস খাওয়ার ঐতিহ্য ও লোকবিশ্বাস সম্পর্কে তিনি বলেন, ধর্মীয় রীতিনীতিতে পাঠার মাংস খাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা বা বাধ্যবাধকতা নেই। এটি মূলত এ অঞ্চলের একটি প্রাচীন ও আঞ্চলিক রেওয়াজ, যা জমিদার আমল থেকে প্রচলিত। স্থানীয় প্রবীণদের মুখে প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী, বিশেষ এ দিনে পাঠার মাংস খেলে বাত বা বাতব্যথার উপশম হয়।
এ বিশ্বাসকে কেন্দ্র করেই জাতি-ধর্ম নির্বিশেষে এ অঞ্চলের মানুষ উৎসাহের সঙ্গে পাঠার মাংস কিনে থাকেন।





















