নাটোরের গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সংসদ সদস্য আব্দুল আজিজের জনসভাস্থল থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থান জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সভাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার বিকেলে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে বিশেষজ্ঞ দলের সদস্যরা সন্দেহজনক বস্তুটি উদ্ধার করেন। জানা যায়, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। সভাস্থলে কালো টেপে মোড়ানো গোলাকার বস্তুটি পাওয়ার পর উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কালো টেপে মোড়ানো গোলাকার সন্দেহজনক বস্তুটি উদ্ধার করা হয়েছে। এটি কী ধরনের বস্তু এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা বিশেষজ্ঞ দলের মাধ্যমে পরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।






















