চট্টগ্রামের রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল (এম.এ) মাদরাসার গেট নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রাহাতিয়া দরবারের সাজ্জাদানশীন (পীর) ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মাদরাসার শিক্ষক- শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মাদরাসা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাহাতিয়া দরবারের পীরের মুরিদ-ভক্ত, মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন তৈয়বী, আনজুমান গভর্নিং বডির মাওলানা আবদুর রহমান জামি, মাওলানা মুহাম্মদ গোলামুন্নবী নঈমী, মাদরাসার উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ আবদুল হালিম, মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলকাদেরী, মুহাম্মদ আবদুন নবী, অধ্যাপক মুহাম্মদ ফারুক নঈমী ও মাদরাসার প্রাক্তণ ছাত্র মুহাম্মদ আকতার হোসাইন নঈমী।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদরাসার গেট নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের সুষ্ঠু সমাধান হওয়া প্রয়োজন। রাহাতিয়া দরবারের পীরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে তাঁরা হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান। বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্টদের হয়রানি বন্ধ এবং মাদরাসার উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্ন রাখার দাবি জানান।
মাদরাসার সভাপতি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।





















