সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) আয়োজনে এ টুর্নামেন্টে মেডিকেল সাপোর্ট দেবে হাসপাতালটি।
আয়োজকদের নির্ধারিত চিকিৎসাসেবার চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশি-বিদেশি খেলোয়াড় ও দর্শকদের জরুরি চিকিৎসাসেবা দিতে হাসপাতালটির পক্ষ থেকে থাকবে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স, চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স ও আটজন স্বাস্থ্যসেবাকর্মী। এ ছাড়া মাঠ ও দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় পৃথক মেডিকেল রুমের ব্যবস্থা রাখা হয়েছে। মাঠে প্রস্তুত থাকবে প্রাথমিক চিকিৎসাসামগ্রীসহ দুটি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি), হুইলচেয়ার, স্ট্রেচার, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ। ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপে আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করে খেলোয়াড় ও দর্শকদের চিকিৎসাসেবা দেওয়ার এ উদ্যোগ হাসপাতালটির জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।





















