মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীর পানি হঠাৎ লালচে রং ধারণ করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে উপজেলা সদরের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীর পানির এমন অস্বাভাবিক রং দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
পানির রং পরিবর্তনের কারণ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ ও চাঞ্চল্য। স্থানীয়রা জানান, বুধবারও নদীর পানি ছিল স্বচ্ছ ও টলটলে। কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎ পানির পরিমাণ ও স্রোত বেড়ে যায়। স্রোতের সঙ্গে ভেসে আসতে থাকে ফেনাযুক্ত পানি, ময়লা ও আবর্জনা। একপর্যায়ে নদীর পানি পাটকেল রঙের মতো লালচে আকার ধারণ করে। নদীর পানির এমন পরিবর্তনে বিপাকে পড়েছেন কৃষক ও স্থানীয় বাসিন্দারা।
প্রতিদিন গোসল করতে নদীতে আসা অনেকেই পানির অস্বাভাবিক রং দেখে গোসল না করেই বাড়ি ফিরে গেছেন। স্থানীয়রা আরও জানান, নদীতে কোনো ধরনের দূষণ বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এমনটি ঘটতে পারে। তারা দ্রুত পানির নমুনা পরীক্ষা করে কারণ শনাক্তের দাবি জানিয়েছেন। ঘিওর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সুরুজ্জামান বলেন, বিষয়টি পর্যবেক্ষণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উজানের ঢল কিংবা নদীতে প্রাকৃতিক বা মানবসৃষ্ট কোনো বিপর্যয়ের কারণে এমনটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি । এদিকে মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উজানে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে কি না, সেটিও পরীক্ষা করে দেখা হবে। ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে যমুনা নদীর মোহনা থেকে ঘিওর-দৌলতপুর অঞ্চলের ধলেশ্বরী নদীতে স্থায়ী প্রকল্প গ্রহণের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
তবে নদীর পানির রং হঠাৎ বদলে যাওয়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পানির নমুনা পরীক্ষা করে দ্রুত কারণ শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





















