বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে চায়। মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের সুযোগ রয়েছে। মোংলায় শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত সম্প্রসারণের লক্ষ্যে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।
মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের উদ্যোগের জন্য চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান তারেক রহমান।
দিনটিকে গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ উদ্যোগে সহযোগিতার জন্য তিনি চীনা বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান।





















