কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুইটি টার্মিনালের মধ্যে একটিতে আগামীকাল বুধবার (৪ নভেম্বর) থেকে টানা চার দিন সরবরাহ বন্ধ থাকবে। ফলে সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এই অসুবিধা হবে। পেট্রোবাংলা উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কক্সবাজারের মহেশখার সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট হতে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে এ সময়ে সারা দেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুইটি ভাসমান টার্মিনাল রয়েছে। দুইটির মধ্যে একটি টার্মিনাল বন্ধ থাকবে। এর আগে গত বছরের ডিসেম্বরেও সামিটের টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছিল।






















