সকালে জীবিকার সন্ধানে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন শহিদুল ইসলাম (৩৫)। কিন্তু চার যানবাহনের সংঘর্ষে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন তিনি। জীবিকার খোঁজে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না তার।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টো পথে মোড় নিতে গিয়ে প্রথমে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। পরে কাভার্ডভ্যানটির সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসে আঘাত করে। এতে দোলা পরিবহনের বাসটি গিয়ে পড়ে আরেকটি লোকাল বাসের ওপর। এ সময় পাশেই থাকা ইঞ্জিনচালিত ভ্যানের চালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।






















