মা ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার অংশ হিসেবে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আরিচা ৩ নম্বর ফেরীঘাট এলাকা থেকে থানা রোড হয়ে ঢাকাগামী একটি নোয়া গাড়ি তল্লাশি করে প্রায় ৮০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী। এতে শিবালয় থানা পুলিশের একটি দল এবং মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা সার্বিক সহযোগিতা করেন। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী নিশ্চিত করে জানান, জব্দকৃত ৮০ কেজি ইলিশ মাছ আইনগত প্রক্রিয়া শেষে স্থানীয় তিনটি এতিমখানার শিক্ষার্থী ও এলাকার দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। ইলিশের প্রজনন নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ৮ অক্টোবর থেকে সারাদেশে ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।






















