বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম। তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশের শিক্ষাব্যবস্থাকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়েছিল।
ওই সরকারকে ক্ষমতা থেকে সরানো না হলে দেশের শিক্ষাব্যবস্থা আরও গভীর সংকটের মুখে পড়ত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার এয়াকুবদণ্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডা. এ কে এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম শফিক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মইনুল আলম ছোটন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য কায়ছার চৌধুরী পিন্টু, শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক দিলীপ বড়ুয়া চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপন কান্তি দে।
এ ছাড়া বক্তব্য দেন ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া, মো. রিয়াদ, আয়াজ মো. রকি, জসিম উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আবু বক্কর সুজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমেন বড়ুয়া। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
পাশাপাশি বৃত্তি প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।






















