নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া সন্দেহের জের ধরে সুফিয়া আক্তার নিশি (২৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে স্বামী আব্দুল মান্নান মনির। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
হত্যার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিয়ে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া হয়। রাতে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে স্বামী মনির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করে স্ত্রী নিশিকে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহে এ হত্যা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





















