ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের পর ছেড়ে দিয়েছে গুরুগ্রাম পুলিশ। রোববার (১১ অক্টোবর) ভোররাতে তাকে মুক্তি দেওয়া হয়। শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির আগে গুরুগ্রামের সেক্টর ৫৬-এ নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির কেন্দ্রস্থলে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। কর্মসূচিকে ঘিরে বিরোধী দলের নেতা, আন্দোলনকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতাসহ ছয় হাজারের বেশি মানুষকে আটক করে কর্তৃপক্ষ। পুলিশের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানায়, শনিবার সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল ধ্রুব রাঠিকে আটক করে। পরে তাকে ক্রাইম ব্রাঞ্চের কার্যালয়ে নিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বিক্ষোভ কর্মসূচির আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই পদক্ষেপের মধ্যে ধ্রুব রাঠিকে আটক করা হয়েছিল। পরে রোববার ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়।






















