বাঁশখালী প্রধান সড়কের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। জমি অধিগ্রহণ ও অর্থ ছাড়ের বিষয়ে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন হয়েছে। বাঁশখালী আর পিছিয়ে থাকবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে বাঁশখালীর মিয়ার বাজারে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেডের বাঁশখালী শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেভরণের চেয়ারম্যান ডা. ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেভরণ বাঁশখালী শাখার চেয়ারম্যান এএজি তাসাদ্দেক মর্তুজা, ভাইস চেয়ারম্যান মীর মোশাররফ হোসেন, পরিচালক আনিসুল আজম প্রমুখ। ফিতা কেটে শাখাটির উদ্বোধন শেষে প্রধান অতিথি শেভরণ বাঁশখালী শাখার বিভিন্ন সেবার সরঞ্জাম ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






















