রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
তবে এতে কেউ হতাহত হননি। পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘটনাস্থল তল্লাশি করে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ঘটনার সঙ্গে জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার এবং যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে প্রায় দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরে দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণ ঘটানোর পর ওই দুই ব্যক্তি আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যান। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান উপকমিশনার ইবনে মিজান।






















