পটুয়াখালীর দুমকিতে ২২ দিনের মা-ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে ১ হাজার মিটার ইলিশ ধরার জাল ও ৩০টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (৮ অক্টোবর) উপজেলার পায়রা, পাণ্ডব ও লোহালিয়া নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, মা-ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে নিয়মিত অভিযান চালানো হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ শিকার করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, মা-ইলিশ সংরক্ষণে ৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।






















