রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীর সাময়িক ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। এ ছাড়া তিন শিক্ষার্থীকে সতর্ক করা এবং অভিযোগের বিষয়ে আরও তদন্ত করে চার শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম তার সম্মেলনকক্ষে শিক্ষার্থীদের সামনে তদন্ত প্রতিবেদন তুলে ধরেন। প্রতিবেদনে অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় ছাত্রদল নেতা আহসান হাবিব, আরিফুল ইসলাম, হাসিবুল হাসান ও বিশাল চক্রবর্তীর সাময়িক ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে। সতর্ক করার সুপারিশ করা হয়েছে বুলবুল রহমান, শরিফুল ইসলাম ও শাহরিয়ার আলমকে।
এ ছাড়া রাকিবুল ইসলাম, তাকবির আহমেদ ইমন, সৈয়দ সাজহারুল ইসলাম ও তানিম রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনার পরদিন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেদিন উপাচার্য ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়েছিলেন। নির্ধারিত সময় শেষ হওয়ার পর শুক্রবার সকালে প্রতিবেদন প্রকাশ করা হয়। তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রতিক্রিয়ায় ক্যাম্পাসের সংবাদকর্মীরা জানান, প্রতিবেদনটিতে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ মামলা না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদ বর্জন কর্মসূচি চলবে।
একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করায় উপাচার্যকে ধন্যবাদ জানান তারা।






















