বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনারবাংলা এলাকায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাবলু নামে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদুল ইসলাম বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের বাসিন্দা। নিহতের স্বজনদের অভিযোগ, বেপরোয়া গতিতে চালানোর সময় প্রাইভেটকারটি সড়কের রং সাইডে গিয়ে অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বরগুনা সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গাজী টেলিভিশনের লোগো সংবলিত একটি প্রাইভেটকার গৌরিচন্না এলাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল।
পথে সোনারবাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা খাদ থেকে তাওহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবলু নামে এক আহতের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






















