বগুড়ার দুপচাঁচিয়ায় জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও অনিয়মের অভিযোগে তৌসিফ ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ অক্টোবর) দুপুরবেলা দুপচাঁচিয়া চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান।
এ সময় দুপচাঁচিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম পাওয়া যায়। পরে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ৩২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। ইউএনও মো. শাহরুখ খান জানান, জনস্বার্থ ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





















