চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২০ জন, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত আক্রান্ত ৫ হাজার ৯৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪ হাজার ১৮২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯১৩ জন চিকিৎসা নিয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২১ জন। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২২১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

























