নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা চুক্তির প্রক্রিয়া বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বন্দর রক্ষা কমিটি। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির অবস্থান কর্মসূচি শুরু হয়।
এ সময় মিছিল নিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। শ্রমিকদের উপস্থিতি বাড়ার পর একপর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান কর্মসূচিতে অংশ নেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান প্রমুখ। বক্তব্য দেন জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ শ্রমিকনেতারা। বক্তারা বলেন, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি এনসিটি সবচেয়ে লাভজনক টার্মিনাল। এটি বিদেশিদের হাতে দেওয়া অযৌক্তিক। দেশের প্রধান সমুদ্রবন্দরের মূল স্থাপনা যদি বিদেশিদের হাতে চলে যায় শ্রমিকরা বেকার হওয়া ছাড়াও রাষ্ট্রের নিরাপত্তা সংকটের আশঙ্কা রয়েছে। বিদেশি প্রতিষ্ঠানের চেয়ে বেশি হ্যান্ডলিং ও আয় করার সক্ষমতা বন্দরের রয়েছে।

























