চট্টগ্রামের পটিয়ায় দিনে দুপুরে ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষের দরজা ভেঙে তিনটি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের প্রায় ১৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
ঘটনার সময় ২-৩ জনের একটি দল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানগুলো খুলে নিয়ে যায় বলে জানা গেছে। এ সময় নৈশপ্রহরী সুভাষ নাথ বিষয়টি দেখতে পেলে তাকে ভয়ভীতি দেখিয়ে চোরের দল পালিয়ে যায়। নৈশপ্রহরী সুভাষ নাথ জানান, ফ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি ‘আসিফ’ নামের এক কিশোরকে দেখতে পান।
পরে তাকে ভয়ভীতি দেখিয়ে চোরেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি তিনি কলেজ কর্তৃপক্ষকে জানান। কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন বলেন, বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, ধলঘাট স্কুল অ্যান্ড কলেজে এর আগেও চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় কলেজ প্রশাসন উদ্বিগ্ন। পটিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) যুযুৎম যশ চাকমা বলেন, বিষয়টি মৌখিকভাবে জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ধলঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু বক্কুর বলেন, এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধ বেড়ে গেছে।
শিক্ষা প্রতিষ্ঠানে দিনে দুপুরে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।






















