দেশের ক্রীড়াবিদদের জন্য বছরে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। ক্রীড়া কার্ডের মাধ্যমে এই ভাতা দেওয়া হয়। বছরে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তাদের জন্য। মাসে এক লাখ টাকা করে তারা ক্রীড়া ভাতা পায় কার্ডের মাধ্যমে। ৪ মাস পরপর এই কার্যক্রমের রিভিউ হবে। এতে কেউ বাদ হবে, কেউ নতুন যুক্ত হবে।’
তিনি আরও বলেন, সরকারের উদ্যোগ হচ্ছে ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হবে। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সাবেক ক্রীড়া উপদেষ্টা বিষয়ে তদন্ত চলছে। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তদন্তে যা যা তথ‍্য চাচ্ছে সবই মন্ত্রণালয় থেকে সরবরাহ করা হচ্ছে।’
টি-২০ বিশ্বকাপ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত কারণে টি-২০ বিশ্বকাপ খেলতে যায়নি এটা আমরা বলেছি। ভবিষ্যতে এই ধরনের ভুল সিদ্ধান্ত যেন না নেওয়া হয় সেটির বিষয়ে সচেতন থাকা হবে।’






















