বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে জয়পুরহাটের আক্কেলপুরে। শনিবার (৩ অক্টোবর) উপজেলার হাইটেক পৌর কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে হাইটেক পৌর কিন্ডারগার্টেন স্কুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আক্কেলপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম পল্টু। প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল ইসলাম পল্টু বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।
ভালো ফলের পাশাপাশি তাদের সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে অভিনন্দন জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. আমিনুর রশিদ ইকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামিউল হাসান ইমন, সাংগঠনিক সম্পাদক এম.ইউ আহমেদ মোশারফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান এবং আবু রায়হান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইটেক পৌর কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম মন্ডল। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফল করার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।






















