পেনাল্টি আর আর্জেন্টিনা যেন একে অপরের সঙ্গে ঠিকমতো চলতেই পারছে না। আর্জেন্টিনা পেনাল্টি পেলেও সেটাকে গোলে রূপ দিতে পারছে না। লিওনেল মেসি বিশ্বকাপে পারেননি।
এবার মেসির বিদায় যখন আসন্ন, তখন লাউতারো মার্তিনেজও একই পথে হাঁটলেন, বুরকিনা ফাসোর বিপক্ষে তিনি এবার পেনাল্টি মিস করে বসেছেন। বিশ্বকাপ ফাইনাল নিয়ে একটা বিষয় হয়তো প্রত্যেক আর্জেন্টাইন সমর্থকই ভাবেন, যদি খেলাটা পেনাল্টি শ্যুট আউটে যেত, তাহলেই তো কাজের কাজটা হয়ে যেত। সেখানে এমি মার্তিনেজ আছেন, আর বাকি সবাই নিজেদের পেনাল্টিটা গোলে রূপ দিতে পারলেই তো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন!
কিন্তু আর্জেন্টিনার ট্র্যাক রেকর্ড বলছে অন্য কথা। কেন দেখুন। বিশ্বকাপে আর্জেন্টিনা পেনাল্টি পেয়েছে ৩টি, তার দুটিতেই করেছে মিস। দুবারই মেসি ছিলেন ‘ভিলেন’। তার দুটি পেনাল্টির প্রথমটি নিয়েছিলেন অস্ট্রিয়ার বিপক্ষে, অ্যালেক্সান্ডার শ্লাগার সেটা ঠেকিয়ে দিয়েছিলেন। এরপর মিশর ম্যাচে পাওয়া পেনাল্টিটি ঠেকিয়ে দেন মোস্তাফা শোবেইর।
সমস্যাটা শুধু মেসির, এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু বুরকিনা ফাসো ম্যাচে সে ভাবনাটাকে ভুল প্রমাণ করলেন লাউতারো। আর্জেন্টিনা ম্যাচের দ্বিতীয় মিনিটে পেনাল্টি পেয়ে গিয়েছিল। সেটা তিনি ঠিকঠাক নিতে পারেননি। বুরকিনা ফাসোর গোলরক্ষক তা ঠেকিয়ে দিয়েছেন, যদিও ফিরতি শটে গোল করেছেন লাউতারো। তবে লাউতারোর এই গোল এই তথ্যটাকে কোনোভাবেই মুছে দিতে পারছে না যে, পেনাল্টি কিক আর্জেন্টিনার জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে রীতিমতো।
শেষ ৪ পেনাল্টির ৩টিতেই মিস সেটাই জানান দিচ্ছে। নতুন যুগে স্কালোনির সামনে অনেকগুলো প্রশ্ন দাঁড়িয়ে আছে। তার বহু প্রশ্নের জবাবও মিলে গেছে। তবে লাউতারোর পেনাল্টি মিস নতুন এক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে তাকে। সে প্রশ্নের উত্তর কীভাবে খুঁজবেন তিনি, সেটাই এখন দেখার বিষয়।


























