চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ২১ কিশোরকে আটক করে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (৪ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে মতলব উত্তর থানা পুলিশ। পুলিশ জানায়, মাদকসহ গ্রেপ্তার তিনজন হলেন, মো. সবুজ (৩৩), নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) এবং দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)। তাদের কাছ থেকে ২১০ গ্রাম গাঁজা, ৭৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২১ কিশোরকে থানায় এনে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়। পরে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় প্রকৃত অভিভাবকদের জিম্মায় তাদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং থানার ওসি মানস বড়ুয়া।
মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে জানিয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, মতলব উত্তর থানায় সম্প্রতি নতুন অফিসার যোগদান করেছেন। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান আরও গতিশীল হবে বলে আশা করছি।






















