বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল পরিচালিত এলএলবির (অনার্স) ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন শুক্রবার ২ অক্টোবর সকালে গাজীপুরস্থ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এ সময় তিনি বলেন, অসীম বাধা-বিপত্তি পেরিয়ে বাউবির দীর্ঘ পথচলা। শত সীমাবদ্ধতার মাঝে শিক্ষার বিস্তার ঘটানোই আমাদের ব্রত। বাউবি আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বুকে নিজেকে বিকশিত করতে সক্ষম হয়েছে। স্কুল অব ল এর শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সব বন্ধুর পথ মাড়িয়ে একইভাবে আপনাদেরও প্রতিষ্ঠিত হতে হবে।
আজকের মনন, বোধ ও সুবিচারের ওপর নির্ভর করবে সমাজের ভবিষ্যৎ কাঠামো। আইনের পাশাপাশি ইতিহাস, দর্শন, এআইসহ প্রযুক্তিক জ্ঞান অর্জনের মাধ্যমেই মানবিক, সু-শৃঙ্খল একটি কাঠামো তৈরি হবে বলেও মন্তব্য করেন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। স্কুল অব ল এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন গাজীপুর জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন। বিশ্ববিদ্যায়েগুলোতে আইন বিভাগের প্রারম্ভিক ইতিহাস, আবশ্যকতা, সময়োপযোগী সিলেবাস, বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে বিস্তর আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুল অব ল এর শিক্ষকবৃন্দ। এ সময় তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং আইন পেশায় নীতি-নৈতিকতা ও দক্ষতার সাথে নিজেদের গড়ে তোলাসহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রায় শতাধিক নবীন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালক, শাখা প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও উত্তরীয় পরিয়ে দেন স্কুলের শিক্ষকবৃন্দ।






















