ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন বিভাগে ‘WUB এনভায়রনমেন্ট এডুকেশন সেল’ চালু করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেলটির উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির মধ্যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি ও টেকসই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) ১৫—‘স্থলজ জীবন’ (Life on Land)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সেলটি কার্যক্রম পরিচালনা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন WUB-এর রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম।
তিনি বিভাগের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সবুজ ও পরিবেশ-সচেতন ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তুলতে শিক্ষার্থী ও শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-রেজিস্ট্রার মো. কামরুল হোসেন উপস্থিত ছিলেন। তিনি বিভাগের নতুন পরিবেশবান্ধব উদ্যোগের প্রতি সমর্থন ও উৎসাহ প্রকাশ করেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন বিভাগের উপদেষ্টা ড. রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড. রুহুল আমিন টেকসই উন্নয়ন ও পরিবেশগত দায়িত্ববোধের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে টেক্সটাইল ও ফ্যাশন খাতে পরিবেশের ওপর প্রভাব একটি বড় উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান। তিনি টেকসই উন্নয়নের প্রতি বিভাগের ক্রমবর্ধমান অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, নবগঠিত এ সেল বাস্তবমুখী উদ্যোগ ও ক্যাম্পাসের দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করবে।
‘WUB এনভায়রনমেন্ট এডুকেশন সেল’-এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের পরিবেশবান্ধব আচরণে উৎসাহিত করা হবে। পাশাপাশি বিভিন্ন টেকসই ও পরিবেশ-সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণে তাদের উদ্বুদ্ধ করা হবে। এ ছাড়া পরিবেশ-সচেতন অভ্যাস গড়ে তোলা এবং SDG ১৫—‘স্থলজ জীবন’-এর প্রতি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর অঙ্গীকার বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রমে সহায়তা করবে সেলটি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ‘WUB এনভায়রনমেন্ট এডুকেশন সেল’-এর যাত্রা শুরু টেকসই উন্নয়ন, পরিবেশগত দায়িত্ববোধ এবং SDG-কেন্দ্রিক উদ্যোগগুলোকে এগিয়ে নেওয়ার ধারাবাহিক প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।






















