ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অভিযানে ছয়জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, নিহত ব্যক্তিরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিলেন।
ঘটনাটি ঘটেছে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে। রয়টার্স জানিয়েছে এ খবর।
বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষের পর ওই এলাকায় বিস্ফোরকভর্তি কয়েকটি প্যাকেট জব্দ করেছে বলে দাবি করে আইআরজিসি। তবে নিহতদের পরিচয় বা তারা কোন গোষ্ঠীর সদস্য, তা জানায়নি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
এর আগে বুধবার জাহেদানে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফার্স নিউজ। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান অঞ্চলটি মাদক পাচারের অন্যতম প্রধান রুট।
তেহরানের অভিযোগ, কিছু সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বিদেশি শক্তির যোগাযোগ রয়েছে এবং যারা চোরাচালানে জড়িত।






















