এশিয়ান গেমসে আরচারিতে গতকালের সকালটা ভালো কাটেনি বাংলাদেশের। সম্ভাবনাময় এই ডিসিপ্লিনের ১০ ইভেন্টের মধ্যে দলগত ছয়টিতেই বিদায় নিয়েছে বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ডের নারী, পুরুষ ও মিশ্র সব দলগত বিভাগ থেকেই বাদ পড়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
এখন ভরসা শুধু ব্যক্তিগত চার ইভেন্টে। নাগোয়া শহর থেকে আরচারির ভেন্যু ওকাজাকির দূরত্ব অনেক। বৃষ্টিভেজা সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও ইতিবাচক ফলাফলের আশায় ছুটে গিয়েছিলেন আরচারি ভেন্যুতে। কিন্তু আরচাররা শেষ পর্যন্ত আশাব্যঞ্জক কিছু করতে পারেননি। ওকাজাকি চুয়ো সোগো পার্কে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ইরানের বিপক্ষে শুরুটা হয়েছিল দারুণ।
প্রথম সেটে ৫৯-৫৭ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। পরের সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই দলই ৫৮ পয়েন্ট করে পায়। তৃতীয় সেটে বাংলাদেশ হারে ৫৬-৫৯ ব্যবধানে। শেষ সেটে লাল-সবুজের প্রতিনিধিরা ৫৯-৫৮ ব্যবধানে জিতলেও ম্যাচের চূড়ান্ত স্কোর দাঁড়ায় ২৩২-২৩২। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে গড়ায় শুট-অফে। সেখানেও লড়াই হয় সমানে সমান। দুই দলের স্কোর দাঁড়ায় ৩০-৩০।
তবে ইরানের তিনটি শট ছিল এক্স, বাংলাদেশের ছিল দুটি। এই সূক্ষ্ম ব্যবধানেই পরের রাউন্ডের টিকিট পায় ইরান। মেয়েদের কম্পাউন্ড দল মুখোমুখি হয়েছিল কাজাখস্তানের। প্রথম সেট ৫৫-৫৫ পয়েন্টে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় সেটে ৫৬-৫৭ পয়েন্টে হারলেও তৃতীয় সেটে ৫৭-৫৯ পয়েন্টে জিতে ম্যাচে ফেরে লাল-সবুজরা। কিন্তু চতুর্থ সেটে ৫৮-৬০ পয়েন্টে হেরে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
চূড়ান্ত স্কোর ছিল ২২৯-২২৮। কম্পাউন্ড নারী ও পুরুষÑ দুই দলই প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে আব্দুর রহমান আলিফ-মনিরা আক্তার জুটি থাইল্যান্ডকে ৬-০ ব্যবধানে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠে। সেখানে স্বাগতিক জাপানের কাছে ১-৫ ব্যবধানে হেরে মিশন শেষ করে লাল-সবুজরা। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের প্রি-কোয়ার্টারে ওঠার লড়াইয়ে ইরানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
তবে ১৫৮-১৫৪ পয়েন্টের ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের। রিকার্ভ পুরুষ দলগত লড়াইয়েও ইরানের কাছে হেরেই বিদায় নিতে হয়েছে লাল-সবুজদের। অন্যদিকে, রিকার্ভ নারী দলগত ইভেন্টে জাপানকে ৫-৪ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইন্দোনেশিয়ার কাছে ৫-৩ ব্যবধানে হেরে যায় তারা। দলগত ইভেন্টের হতাশা পেছনে ফেলে আগামীকাল ব্যক্তিগত লড়াইয়ে নামবেন বাংলাদেশের চার তিরন্দাজ।
পুরুষদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে রাউন্ড অব ৩২-এ হিমু বাছাড়ের প্রতিপক্ষ কাজাখস্তানের আন্দ্রেই তাইয়ুতাইয়ুন। একই ইভেন্টে নেওয়াজ আহমেদ রাকিব খেলবেন ইরানের মিলাদ রশিদিদির বিপক্ষে। মেয়েদের কম্পাউন্ড ব্যক্তিগত লড়াইয়ে কুলসুম আক্তার মনির প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার নিনো বনিতা প্যারেইরা। বাংলাদেশের আরেক তিরন্দাজ বন্যা আক্তারের সামনেও থাকছে ইরানি বাধা।
তার প্রতিপক্ষ গিসা বাইবরদি।


















